সিরাজগঞ্জের কামারখন্দে জমি সংক্রান্ত জের ধরে আমজাদ মন্ডল (৪০) নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা।
রোববার (৭ জুলাই) ভোররাতে উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘুরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ মন্ডল ওই গ্রামের মো. ফজেল মন্ডলের ছেলে।
নিহতের ভাগ্নে মো. নাজমুল হাসান বার্তা বাজারকে জানান,পূর্ব শত্রুতার জের ধরে শনিবার গভীর রাতে তার মামা আমজাদ মন্ডলকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায় এবং তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পর মারা যান।
এ ব্যাপারে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল ইসলাম বার্তা বাজারকে জানান,জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।