সাকিবের কাছে ক্ষমা চাইলেন মাশরাফি

বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।তবে চরম ব্যর্থ ছিলেন দলের বাকি ক্রিকেটাররা। নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে চেষ্টা করেছেন দলকে এগিয়ে নিতে। কিন্তু সমষ্ঠিগত ব্যর্থতায় স্বপ্ন বুনতে ব্যর্থ হয় টিম টাইগার্স। যে কারণে ছয়শ উর্ধ্ব রান এবং ১১ উইকেট তুলেও টুর্নামেন্ট সেরা পুরস্কার জেতা হচ্ছে না সাকিবের।

এসব ঘটনায় সাকিবের পাশাপাশি মন খারাপ ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজারও। নিজের সর্বোচ্চটা নিংড়ে দিয়েছেন, কিন্তু তারপরেও খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে। দলের বাকিরা যদি আরেকটু সমর্থন দিতে পারতেন, সাকিবের সঙ্গী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারতেন, তাহলে হয়তো বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স দেখানোর পরেও নকআউট পর্বের আগে বিদায় নিতে হতো না বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিবকে!

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিবের কাছে দলের বাকিদের পক্ষ হয়ে তাই প্রকারান্তরে ক্ষমাই চেয়ে নিলেন অধিনায়ক মাশরাফি, ‘শেষ দুই ম্যাচে সাকিব এত ভালো ব্যাটিং করেছে, কিন্তু আমরা জুটি দাঁড় করাতে পারিনি। দুটো ম্যাচই ৫০-৫০ ছিল, ভেবেছিলাম আমরা তাড়া করতে পারব। কিন্তু কোনো জুটিই গড়তে পারিনি আমরা। সাকিবের জন্য ভীষণ খারাপ লাগছে আমার। আমরা বাকি যারা আছি তারাও যদি এগিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো চিত্রটা ভিন্ন রকম হতো। পুরো টুর্নামেন্ট জুড়ে সাকিব অসাধারণ ছিল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোন বিভাগে পারফর্ম করেনি!’

সাকিবের পাশাপাশি মোস্তাফিজের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘মোস্তাফিজের ক্যারিয়ার যেভাবে শুরু হয়েছি ঠিক সেরকমই পারফর্ম করেছেন তিনি। সে আয়ারল্যান্ড সফরে ইনজুরিতে ছিল। কিন্তু সেখান থেকে সুন্দরভাবে কামব্যাক করেছে। আশা করি ভবিষ্যতেও বাংলাদেশের মান উজ্জ্বল করবে।’

প্রসঙ্গত, চলমান বিশ্বকাপের আসরের দিকে নজর দিলে দেখতে পারবেন কতটা ফর্মে ছিলেন সাকিব। ১১ উইকেট তোলার পাশাপাশি ছয় শর অধিক রান তার দখলে। ফ্যান্টাসি খেলোয়াড়ের তালিকায় রয়েছেন শীর্ষে। পৌঁছে গেছেন সর্বকালের সেরাদের কাতারে। কিন্তু তার দল ব্যর্থতার কারণে সাকিবের এই অর্জনগুলো বৃথা হয়ে পড়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর