শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের জঙ্গলদী গ্রামের মাদক ব্যবসায়ী শাহীন মিয়া (৩৫) অভিনব কায়দায় গোয়াল ঘরের মাটির নিচে গাঁজা লুকিয়ে রেখেও তার শেষ রক্ষা হয়নি। ৪ জুলাই বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সদর থানার পুলিশ ওই গোয়াল ঘরে মাটির তিনফুট নীচে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা মাটি খুড়ে উদ্ধার করেছে। মাদক ব্যবসায়ী শাহিন মিয়া জঙ্গলদী গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাখিখর উদ্দিন, এএসআই সোহেল রানা, এএসআই লিটন সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার জঙ্গলদী গ্রামে বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায়ী শাহীন মিয়ার বাড়ীতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে ওই মাদক ব্যবসায়ী তার পরিবারের লোকজনসহ অজ্ঞাতস্থানে পালিয়ে যায়। এদিকে পুলিশ দল নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী শাহীন মিয়ার ফাঁকা বাড়ীর গোয়াল ঘরের মাটির নীচে লুকানো এবং পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, শাহীন মিয়া একজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী।
গাঁজা উদ্ধারের বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন। এব্যাপারে শেরপুর সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।