আগামীকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
বুধবার (১৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন। এ লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। আগামীকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে শিশুদের টিকা দেওয়া হবে।
অধ্যাপক খুরশীদ আলম বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা মানিকগঞ্জ থেকে আমরা এই টিকাদান কর্মসূচি শুরু করছি। আমরা প্রাথমিকভাবে মানিকগঞ্জের দুটি সরকারি স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী ছেলে-মেয়েদের বেছে নিয়েছি। তাদের ফাইজারের টিকা দেওয়া হবে। এরপর আমরা তাদের ১০ থেকে ১৫ দিন পর্যবেক্ষণ করবো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা। পরবর্তীতে রাজধানীতে বড় আকারে টিকাদান কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, শিশুদের টিকাদানের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আর এই কঠিন কাজটিই আমরা শুরু করতে যাচ্ছি। এজন্য শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবার সহযোগিতা প্রয়োজন। সবাই আমাদের সঙ্গে এ কাজে যুক্ত হবেন বলে আশা করছি।
বার্তা বাজার/নব