রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২ জনে।
বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১১ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৬৬ জন ও অন্যান্য বিভাগে রোগীর সংখ্যা ১৬২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২০ হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭১৯ জন।
এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৮২ জনের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং ১৩ অক্টোবর পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়।
বার্তা বাজার/নব