নির্বাচন সুষ্ঠু বলেই বিএনপি অনেক জায়গায় জিতেছে: তথ্যমন্ত্রী

দেশে নির্বাচন সুষ্ঠু হয় বলেই বিএনপি অনেক জায়গায় জয় পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা ‘১০টা হোন্ডা ২০টা গুণ্ডা, ভোট ঠাণ্ডা’ এ নীতিতে ভোট করতো। এটাকে কি ভোটের পরিবেশ বলে? দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে বলে ভোট হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই বিএনপি অনেক জায়গায় জিতেছে।

বুধবার (১৩ অক্টোবর) অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন বলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে না। যেসব দল জনবিচ্ছিন্ন হয়ে যায় তারাই ভোট বর্জন করে। জননির্ভর কোনো দল ভোট বর্জন করতে চাইলে সেটা আত্মহত্যার সামিল। আসলে তারা চায়, বাংলাদেশে এমন একটি ব্যবস্থা হোক যেটির মাধ্যমে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ নিশ্চিত করা যাবে।

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই প্রত্যাশা করি। এর আগেও যখন তিনি অসুস্থ হয়েছিলেন তখন প্রত্যেক দিন সকাল-বিকেল দুই বেলা বলা হতো তাকে অবশ্যই বিদেশ নিয়ে যেতে হবে। কিন্তু তখন তিনি দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছিলেন।

তিনি আরও বলেন, এখন আবার খালেদা জিয়া অসুস্থ হওয়ায় তারা নতুন করে ধোঁয়া তুলেছেন। এটা নতুন কিছু নয়। অসুস্থ হলেই কি বিদেশ নিয়ে যেতে হবে? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, ডাক্তারদের প্রতি তাদের আত অবজ্ঞা কেন?

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর