বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। বাংলাদেশে সবগুলোর চিকিৎসা করা সম্ভব নয় বলে তাকে বিদেশে নিতে হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে খালেদা জিয়া জ্বরে ভুগছেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য গতকাল তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। সবগুলোর চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়।
মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়াকে বিদেশে নিতে হবে। দেশে তার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। এখানে মাল্টি চিকিৎসা নেই। চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে।
উল্লেখ্য, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য গতকাল বিকেলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৫৩ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন বাসায় ফেরেন তিনি। আর্থারাইটিস, ডায়াবেটিকের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি।
বার্তা বাজার/নব