নেপালে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে পরে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
নেপালের গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার দেশটির মুগু জেলায় একটি বাসে করে ভ্রমণ করছিলেন বহু যাত্রী। পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরের ঠিক পরপরই এই দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবারের এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমপক্ষে ২৮ জন।
কাঠমান্ডু পোস্ট বলছে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ৩২ জন নিহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। তবে কিছু রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় পতিত হওয়ার আগে বাসটির ব্রেক ফেল হয়ে থাকতে পারে।
পার্বত্য দেশ নেপালে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। মূলত খারাপ রাস্তা অথবা দুর্বল রক্ষণাবেক্ষণ হওয়া যানবাহনের কারণেই এসব দুর্ঘটনা ঘটে থাকে।
বার্তা বাজার/অমি