বাংলাদেশে হামলার পরিকল্পনা: অস্ট্রেলিয়ায় যুবকের ৫ বছর কারাদণ্ড

অস্ট্রেলিয়া থেকে হামলার পরিকল্পনা বাংলাদেশে আসার চেষ্টায় থাকা নওরোজ রায়েদ আমিন নামের এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

সোমবার (১১ অক্টোবর) অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

২০১৫ সালের আগস্টে তিনি তার পরিচিত বাংলাদেশের এক লোককে বলেছিলেন, ‘রান্না শেখার জন্য দেশে আসতে হবে তাকে।’

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে আইএস সমর্থনের কথা জানান নওরোজ। তার সঙ্গে বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন তিনি।

এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে হামলা করার জন্য অস্ট্রেলিয়া থেকে রওনা হয়েছিলেন নওরোজ। কিন্তু সিডনি বিমানবন্দরে আটক হন তিনি। এ সময় তার লাগেজ তল্লাশি করে ইউএসবি পেনড্রাইভ, ক্যামোফ্লেজ পোশাক, ট্যাকটিকাল বুট ও বোমা বানানোর নির্দেশনামূলক বই পাওয়া যায়।

তার বিরুদ্ধে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগ আনা হয়। আদালতে কাস্টমস আইনের অধীনে একটি অপরাধসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার প্রস্তুতির দোষ স্বীকার করেন নওরোজ।

তিনি আদালতে বলেন, বিস্ফোরক সম্পর্কে বাংলাদেশে ধারণা আছে এমন কাউকে খুঁজছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ায় হামলা চালানোর কোনো পরিকল্পনা ছিল না তার।

বিচারক পিটার গার্লিং রায় ঘোষণা করতে গিয়ে বলেন, বাংলাদেশে হামলার পরিকল্পনা ছিল নওরোজের। নওরোজ মনে করতেন মুসলিমদের যারা রক্ষণশীল ধারায় বিশ্বাসী, তারা বাংলাদেশে বৈষম্যের শিকার হচ্ছেন।

অপরাধের সময় নওরোজের বয়স অপেক্ষাকৃত কম ছিল। এ কারণে তাকে পাঁচ বছর চার মাসের কারাদণ্ড দিয়েছেন অস্ট্রেলীয় আদালত। তবে ইতোমধ্যে বেশ কয়েকবছর কারাভোগ করেছেন তিনি। এ হিসেবে ২০২২ সালের জুন মাসেই প্যারোলে ছাড়া পেতে পারেন এ যুবক।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর