ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮২ জন

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০ জনে। এছাড়া নতুন করে আরও ১৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮২ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৪২ জন ও অন্যান্য বিভাগে রোগীর সংখ্যা ১৭৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২০ হাজার ৫১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৫২২ জন।

এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৮০ জনের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং ১২ অক্টোবর পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর