সরকার কৃষকদের করুণ পরিস্থিতিতে নিয়ে গেছে: মির্জা ফখরুল
বর্তমান সরকার কৃষকদের করুণ পরিস্থিতিতে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ বিপু মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধিসভা উদ্বোধনের সময় একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, কৃষকদের এখন মেরুদণ্ড বলতে যা বুঝায় তা নেই। বর্তমান সরকার কৃষকদের করুণ পরিস্থিতিতে নিয়ে গেছে। একদিনে কৃষকরা ঋণে জর্জরিত, অন্যদিকে তারা ফসলের ন্যায্য মূল্য পায় না।
বিএনপি মহাসচিব বলেন, কৃষকরা ধান উৎপাদন করেও সময়মতো দাম পায় না। পরে মধ্যস্বত্বভোগীরা বেশি দামে তা বিক্রি করে। এজন্যই আজ চালের দাম ৭০ টাকায় দাঁড়িয়েছে।
তিনি বলেন, দেশে প্রতিটি দ্রব্যের দাম বেড়েছে। আজকে সকালে দেখলাম পেঁয়াজের কেজি ৮০ টাকা। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে।
বিএনপি মহাসচিব বলেন, কৃষকরা দেশের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছেন। আপনাদের সেতুবন্ধ তৈরি করতে হবে। যাতে করে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি।
তিনি বলেন, কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেটা আপনাদের দেখতে হবে। তাদের সঙ্গে থেকে আন্দোলন করতে হবে।
তিনি আরও বলেন, আন্দোলন ছাড়া কখনোই সফল হওয়া যায় না। গণতন্ত্রের জন্য আমরা আজ যে আন্দোলন করছি, কৃষকদের সম্পৃক্ত করতে না পারলে এটা কখনোই সফল হবে না। তাই কৃষকদের জাগিয়ে তুলতে হবে।
বার্তা বাজার/নব