মহাসপ্তমী আজ

দেশজুড়ে সোমবার (১১ অক্টোবর) শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) মহাসপ্তমী।

সকাল পৌনে নয়টায় নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা শুরু হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। তবে গতবার করোনা মহামারির কারণে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা সীমিত আকারে করা হলেও এবার তা শিথিল করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) মহাঅষ্টমী, সেদিন হবে সন্ধিপূজা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী এবং শুক্রবার (১৫ অক্টোবর) দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এ শারদোৎসব।

এ বছর সারা দেশে ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হচ্ছে ২৩৮টি। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারও প্রত্যেকটি পূজামণ্ডপে মাস্ক পরে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর