ইতালিতে বসেই নৌকার মনোনয়ন পেলেন তিনি

ইউরোপের দেশ ইতালিতে বসেই শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে গেলেন শাহ আলম মুন্সি। তিনি বর্তমানে ইতালিতে বাস করছেন বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে তিনি বিএনপির রাজনীতি করেন বলে অভিযোগ রয়েছে।

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আলম মুন্সি ২০১৭ সালের শেষের দিকে ইতালিতে চলে যান। তিনি গত ৪ বছর ধরে ইতালিতে বাস করছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ের জন্য সশরীরে উপস্থিত থেকে আবেদন করেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান ঢালী, সুমন ঢালী, হারুন খালাসী, মামুন খান, শাহীন তালুকদার, জালাল চৌকদারসহ ৯ জন। কিন্তু রহস্যজনকভাবে নৌকার মনোনয়ন পান ইতালি প্রবাসী শাহ আলম মুন্সি।

গোলাম মোস্তফা জানান, ইতালিতে থাকলেও শাহ আহম মুন্সির সাক্ষর জাল করে ও সশরীরে উপস্থিত না থেকে তিনি নৌকার মনোনয়ন পেয়ে গেলেন। এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মামুন খান এ ব্যাপারে বলেন, শাহ আলম মুন্সি বিএনপির রাজনীতি করে। তিনি কিভাবে ইতালিতে বসে মনোনয়ন পেলেন তা আমরা জানি না। কে তার সাক্ষর জাল করল সেটাও আমরা জানি না।

মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মাহমুদপুর ইউনিয়নের সভাপতি লিয়াকত হোসেন হান্নান তালুকদার এ ব্যাপারে বলেন, বিএনপির সমর্থক শাহ আলম মুন্সিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ষড়যন্ত্র করে মনোনয়ন দিয়েছেন। গতবারও আওয়ামী লীগের লোকজনকে মনোনয়ন না দিয়ে তাকে দেওয়া হয়েছিল এবং তিনি বিপুল ভোটে পরাজিত হন।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেন, এই মনোনয়নের ব্যাপারে আমি কিছু জানি না। শাহ আলম মুন্সি কোন দলের সমর্থক সেটাও আমি বলতে পারব না। বিষয়টি সাবেক এমপি বিএম মোজাম্মেল হক বলতে পারবেন।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে ফোন দিয়েও পাওয়া যায়নি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর