করোনাভাইরাস: পুরুষের তুলনায় নারীর মৃত্যু চারগুণের বেশি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন পুরুষ ও ৯ জন নারী। পুরুষের তুলনায় নারীর মৃত্যু চারগুণেরও বেশি।
দেশে এখন পর্যন্ত করোনায় ২৭ হাজার ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৫৯৯ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে।
সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কোভিড ইউনিট) ডা. মোহাম্মদ ইউনুস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ১৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ।
এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তা বাজার/নব