রাজারবাগ দরবার শরিফ ও এর পীর দিল্লুর রহমানের সম্পদ ও ব্যাংক হিসাবের তদন্ত করতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাজারবাগ পীরের আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। এতে করে তাদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত করতে কোনো বাধা থাকল না।
রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (১১ অক্টোবর) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মুকুল। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফের সব সম্পদ বিষয়ে তদন্ত করার জন্য দুর্নীতি দমক কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
এছাড়াও রাজারবাগ পীর ও তার পৃষ্ঠপোষকতায় ‘উলামা আঞ্জুমান বাইয়্যিনাত’ অথবা ভিন্ন কোনো নামে কোনো জঙ্গি সংগঠন আছে কি না সে বিষয়েও খোঁজ নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়।
আগামী ৬০ দিনের মধ্যে দুদক ও কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাজারবাগ পীর ও তার চক্রের বিরুদ্ধে ৮ ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রিট দায়ের করেন অ্যাডভোকেট শিশির মনির। রিটকারীদের মধ্যে রয়েছে ৭ বছরের শিশু, নারী, মুক্তিযোদ্ধার সন্তান, মাদরাসার শিক্ষক ও ব্যবসায়ী। তারা সবাই রাজারবাগ দরবার শরীফের পীর ও তাদের মুরিদদের হয়রানিমূলক মামলার শিকার। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ ২০ জনকে বিবাদী করা হয়।
বার্তা বাজার/নব