জামিনের জন্য হাইকোর্টে হেলেনা জাহাঙ্গীরের আবেদন

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে বহিষ্কৃত নেত্রী ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর।

সোমবার (১১ অক্টোবর) হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী সৈয়দ ফজলে ইলাহী জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেন। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ২৯ জুলাই (বৃহস্পতিবার) হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনোর সরঞ্জাম, বৈদেশিক মুদ্রা, হরিণের চামড়া ও চাকু জব্দ করে র‍্যাব।

পরে ৩০ জুলাই গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার অভিযোগে ও টেলিযোগাযোগ আইনে মামলা হয়। পৃথক চার মামলায় কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে।

গত ১৭ আগস্ট একটি ও ২১ সেপ্টেম্বর দুইটি মামলায় জামিন পান তিনি। এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় জামিন পেতে হাইকোর্টে আবেদন করেছেন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর