মুসা বিন শমসেরকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে

অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে সম্প্রতি গ্রেফতার আবদুল কাদেরের সঙ্গে সংশ্নিষ্টতার অভিযোগে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার (১২ অক্টোবর) ডিবি কার্যালয়ে ডেকেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবি সূত্র জানায়, এসময় প্রতারক কাদেরের সঙ্গে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে মুসা বিন শমসেরকে। আব্দুল কাদের মুসা বিন শমসেরের আইন উপদেষ্টা ছিলেন।

এ বিষয়ে ডিবির উপ-কমিশনার (ডিসি-গুলশান) মশিউর রহমান বলেন, রোববার মুসা বিন শমসেরের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার মুসা বিন শমসেরকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। তাকে ওই প্রতারকের বিষয়ে কিছু প্রশ্নোত্তর করা হবে।

ডিবি সূত্র আরও জানিয়েছে, ৭৭ বছর বয়সী মুসা বর্তমানে নানা রোগে আক্রান্ত। এছাড়া তিনি করোনাভাইরাসের টিকাও নেননি। তিনি অসুস্থ বলে সময় উল্লেখ করা হয়নি। তবে মঙ্গলবার দুপুরে মধ্যাহ্নভোজের পর তাকে ডিবি কার্যালয়ে আসতে বলা হয়েছে। তিনি আসবেন কিনা সেটা নিশ্চয়তা দেননি। তবে প্রতারণার মামলার সুষ্ঠ তদন্তের জন্য তিনি হাজির হবেন বলেই ধারণা ডিবির।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের বাসা থেকে আব্দুল কাদের চৌধুরীকে গ্রেফতার করে ডিবি। এ সময় কাদেরের দ্বিতীয় স্ত্রী ও সততা প্রপার্টিজের চেয়ারম্যান শারমিন চৌধুরী ছোঁয়া, অফিস ম্যানেজার শহিদুল আলম ও অফিস সহায়ক আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়।

এক সময়ের মাছ বিক্রেতা কাদের এখন প্রাডো গাড়িতে অস্ত্র ও ওয়াকিটকি নিয়ে চলাফেরা করেন। তার কোটি কোটি টাকা সম্পদের তথ্য পেয়েছে ডিবি। তার প্রতিষ্ঠানে শমসেরের একাধিক ছবি টাঙানো রয়েছে। তিনি নিজেকে শমসেরের বিভিন্ন প্রতিষ্ঠানের ড্যাটকোর লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে পরিচয় দিতেন।

প্রতারক আব্দুল কাদেরের কাছ থেকে মুসা বিন শমসের ও তার স্ত্রীর সঙ্গে করা কিছু চুক্তিপত্র উদ্ধার করা হয়। এসব বিষয় জানতেই মূলত শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর