আনোয়ারার মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের থেকে লাশটি উদ্ধার করে। তার আনুমানিক বয়স (৬০)।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোলাইমান তিনি জানান, রাতে আমাদের এলাকায় একটি হাতি দেয়াং পাহাড় থেকে এসে মানুষের বসতঘর ও জমির ক্ষতি করেছে। সকালে এলাকাবাসী রাস্তার পাশে খেতে একজন মানসিক ভারসাম্যহীন মানুষের মরদেহ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। এলাকাবাসীর ধারণা হাতির আক্রমণে লোকটি মারা গেছে।
হাতি তাড়ানোর ৫নং ওয়ার্ডের দলনেতা আবু বক্কর বলেন, কি করব বলেন? এই হাতিগুলো আমার নিজের ঘরেও তান্ডব চালিয়েছে। আমাকেও আহত করছে। হাতি গুলো প্রতিদিন শেষ রাতে কারো না কারো ক্ষতি করে চলছে। পাহারা দিয়ে কি হবে! তাছাড়া আমাদের হাতি পাহারাদার হিসেবে নিয়োগ করলেও আমাদের কোন বেতন ভাতা দেয় না কর্তৃপক্ষ। আমাদেরও তো সংসার আছে। সংসার চালানোর জন্য দিনভর পরিশ্রম করে কি করে রাত জেগে থাকি বলেন?
আনােয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমর বলেন, লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
হুমায়ূন কবির/শাহ সুমন/বার্তা বাজার/অমি