গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৬ জন।
গত একদিনে তিন জন ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য মতে, এ বছর এখন পর্যন্ত মোট ২০ হাজার ১২৯ জন এইডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৯ হাজার ৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর প্রাণ হারিয়েছেন ৭৬ জন।
করোনার মহামারীর মধ্যে রাজধানীবাসীকে বেশ ভোগাচ্ছে ডেঙ্গু। মশাবাহিত এ রোগের মৌসুমের শুরু থেকেই আক্রান্তের সংখ্যা বাড়েই চলেছে।
৭ অক্টোবর প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক গবেষণা বলছে, আর্দ্রতা কমে আসার পাশাপাশি তাপমাত্রা ও বৃষ্টিপাতের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে।
বার্তা বাজার/অমি