আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া হাসপাতালে থাকার বিষয়টি মেডিকেল বোর্ড এবং প্যারোলে মুক্তির ব্যাপারে দেখবে সরকার।
সেতুমন্ত্রী শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
খালেদা জিয়া সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে হাসপাতালে আছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (খালেদা জিয়া) কেন এতোদিন হাসপতালে আছেন সেটা কারা কর্তৃপক্ষ বলতে পারবে। তার চিকিৎসার জন্য একটা মেডিকেল বোর্ড আছে, তিনি কতদিন হাসপাতালে থাকবেন সেটা মেডিকেল বোর্ড দেখবে।’
তিনি বলেন, ‘ তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলে হাসপাতালে থাকবেন কি-না সেটা মেডিকেল বোর্ড দেখবে। তবে, খালেদা জিয়া প্যারোল চাইলে সেটা সরকার দেখবে।’
খালেদা জিয়া কি প্যারোল চেয়েছেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কেন চাইবেন। প্যারোলের কতগুলো শর্ত থাকে। যদি কোনো কারণ না থাকে, তাহলে প্যারোল চাইবেন কেন?’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন।
সূত্র : বাসস