গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৩জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন রয়েছে।
রোববার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে রাজশাহী ও নওগাঁর একজন করে মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর আরও ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন।
এই দিন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ৩ জন এবং ৩ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে প্রাণ হারিয়েছেন। এই এক দিনে হাসপাতালে ৪ জন পুরুষ এবং একজন নারী মারা গেছেন।
এদিকে, ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১০৪ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১০০।
বার্তা বাজার/অমি