২৫ দিনের বাছুর দিচ্ছে আধা লিটার দুধ!

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২৫ দিন বয়স থেকে একটি বকনা বাছুর টানা ১৫ দিন ধরে আধা লিটার করে দুধ দিয়ে যাচ্ছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের খামারি আফছার আলীর খামারে। প্রতিদিন ওই খামারির বাড়িতে বাছুরটি এক নজর দেখতে শত শত মানুষ ভিড় করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর সকালে আফছার আলী দেখতে পান বাছুরটির ওলান ফুলে আছে। তখনই তিনি ধারণা করেন, বাছুরের ওলানে দুধ জমছে। পরে তিনি স্থানীয় ডাক্তারকে নিয়ে এলে তার পরামর্শে বিষয়টি নিশ্চিত হন। তিনি তাৎক্ষণিক গরুটির ওলান থেকে দুধ সংগ্রহ করেন। প্রথম দুই দিন এক পোয়া দুধ পেলেও এখন আধা লিটার কখনও তিন পোয়া দুধ পাচ্ছেন।

এ নিয়ে খামারি আফছার আলী জানান, ২৫ দিন বয়সী বাছুরটির হঠাৎ ওলান ফোলা দেখতে পান। পরে দেখেন ওলান থেকে দুধ পড়ছে। তিনি পরদিন একই অবস্থা দেখে দুধ সংগ্রহ শুরু করেন। এভাবে টানা ১৫ দিন ধরে বাছুরটি থেকে দুধ সংগ্রহ করে পান করছেন।

প্রতিবেশী ফারুক হোসেন বলেন, ‘এমন ঘটনা প্রথম দেখলাম। প্রথমে বিশ্বাস হয়নি। পরে নিজের চোখে দেখেছি। বিষয়টি আসলেই আশ্চর্যজনক।’

সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘এমনটা হরমোনের কারণে হতে পারে। এটা আশ্চর্যজনক হলেও অলৌকিক কিছু না। যদি এই দুধ স্বাস্থ্যসম্মত হয়; তবে এটা যে কেউ পান করতে পারে।’

বার্তাবাজার/কা.হা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর