বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ অক্টোবর) বিকাল ৪টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ইউপি নির্বাচনে একক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি উপস্থিত হলেও রাষ্ট্রীয় জরুরী কাজে সময় দেবার জন্য তিনি সম্মেলন শেষ করতে পারেন নাই।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দ্বয়। এসময় বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীগণ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব আগামী তিন বছরের জন্য এই ইউনিয়নে আওয়ামী লীগের হাল যারা ধরবেন তাদের নাম ঘোষণা করেন। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন।
প্রধান বক্তার বক্তব্যে মঞ্জুরুল আলম রাজীব বলেন, বিরুলিয়া ইউনিয়নে দীর্ঘ ১৮ বছর পরে সম্মেলন অনুষ্ঠিত হলো। সাভারের সকল ইউনিয়নে এভাবে নিয়মিত সম্মেলনের যাত্রা শুরু হলো এই বিরুলিয়া দিয়েই। এভাবে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে সম্মেলনের দ্বারা আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন নির্বাচিতরা।
এসময় তিনি আসন্ন ইউপি নির্বাচনে বিরুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান সুজন এর নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যরা।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি