গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার টাকা পয়সা দিয়ে আলেমদের ম্যানেজ করার চেষ্টা করেছে। কিন্তু তারা কথা শোনেনি বলে আজ কারাগারে বন্দি। আলেমদের মুক্তি দিন।
রোববার (১০ অক্টোবর) রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী অনুসারি পরিষদ এবং গণসংহতি আন্দোলনের যৌথ উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘নাগরিকদের ভোটাধিকার ও স্বাধীন নির্বাচন কমিশন কোন পথে’ শীর্ষক এক আলোচনা এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকার ও তার এমপি-মন্ত্রীরা কথায় কথায় সংবিধানের কথা বলে। আমার প্রশ্ন হলো এসব কোন সংবিধানে আছে? সংবিধান তো পরিবর্তন করা যায়। একমাত্র কোরআন ছাড়া সব পরিবর্তন করা যায়।
ডা. জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দিয়ে আসলেন। তিনি দলীয় মানুষজন নিয়ে বিদেশ থেকে ঘুরে আসলেন। এতে অনেক টাকা-পয়সা খরচ হলো। এসব কার টাকা? প্রধানমন্ত্রীর নিজের নাকি দেশের মানুষের?
তিনি আরও বলেন, স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছি সেটি পুনরুদ্ধার করতে রাস্তায় নামতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমে যাই তাহলে বর্তমান সরকার হটাতে একদিনও লাগবে না।
বার্তা বাজার/নব