দুর্গাপূজার আমেজ নেই সাতক্ষীরার প্রতাপনগরে!
ডুবে আছে প্রতাবনগর সহ বেশ কিছু এলাকা। তাই দুর্গা উৎসবের আমেজ নেই বললেই চলে। প্রতাপনগরের কর্মকার বাড়ি এলাকায় অবস্থিত ইউনিয়নের প্রধান সার্বজনীন পূজা মন্দিরে দুর্গাপূজা পালনের কোনো আয়োজন চোখে পড়েনি। বিধায় প্রতাপনগরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নেই কোন আনন্দ, নেই কোন উৎসব।
২০২০ সালে ঘুর্ণিঝড় আম্পানের তান্ডবে প্রতাপনগর এলাকা লবণ পানিতে বন্দি থাকায় গেল বছরও প্রতাপনগরের ওই মন্দিরে পূজার আয়োজন সম্ভব হয়নি। তবে এবার মোটামুটি আকারে হলেও দুর্গোৎসব পালন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল মন্দির কর্তৃপক্ষ। কারিগর এনে প্রতিমা তৈরিসহ মন্দিরের শোভা বর্ধনে বিভিন্ন কাজ হাতে নিয়েছিলেন পূজা আয়োজক কমিটি।
সম্প্রতি প্রতাপনগরের পশ্চিম অংশে হাওলাদার বাড়ির কাছ দিয়ে রিং বাঁধ ভেঙে আবারো লোকালয়ে লবণ পানি প্রবেশ করে। এতে মন্দির সহ গোটা এলাকা কোমর পানিতে তলিয়ে যায়। ফলে নির্মাণাধীন প্রতিমা সহ প্রায় ৫৫ হাজার টাকার কাজ ভেস্তে যায়। স্থবির হয় সব আয়োজন।
স্থানীয় অমিও সোম জানান, পানি আটকানোর মতো একটা বাঁধের অভাবে জীবন জীবিকার পাশাপাশি এখন ধর্মও ছাড়তে হচ্ছে প্রতাপনগর বাসীকে। গতবছরও তারা সঠিকভাবে দুর্গাপূজা উদযাপন করতে করেননি বলে জানিয়েছেন।
স্থানীয় চিত্তরঞ্জন সোম বলেন, প্লাবনের কারণে শুধু যে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করতে পারছে না তা নয়। মন্দির থেকে প্রায় ৪৫০ মিটার দক্ষিনে একটি মসজিদ নদীগর্ভে বিলীন হওয়ায় এখানকার মুসলিমরাও সঠিকভাবে প্রার্থনা করতে পারছে না।
কর্মকার বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি ও পুরোহিত অমিত সোম জানান, পূজার সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হওয়ার পথে ছিল। প্রতিমা নির্মাণও প্রায় শেষের পথে। শুধু রং তুলির আচর বাকি ছিল। এর মাঝে গত পূর্ণিমার জোয়ারে রাস্তা ভেঙে মন্দিরের ভিতরে পানি প্রবেশ করে।
মীর খায়রুল আলম/বার্তা বাজার/টি