আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
রোববার (১০ অক্টোবর) সকালে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটউটের (বারি) গবেষণাগার পরিদর্শন শেষে সাংবাদিককে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গ্রীষ্মকালীন ও আমদানি করা পেঁয়াজ বাজারে আসার পর আগামী ১৫ থেকে ২০ দিন পর পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে। সেই এপ্রিল মাসে পেঁয়াজ চাষ করা হয়েছে। পেঁয়াজ এতদিন পর্যন্ত থাকে না। এজন্য পেঁয়াজচাষীরা সব বিক্রি করে দেন।
পেঁয়াজ পচনশীল ও মজুত রাখার তেমন কোনো ব্যবস্থা না থাকায় মৌসুমের শেষের দিকে বাজারে এর দাম বেড়ে যায় বলে জানান কৃষিমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের পাশাপাশি কৃষিপণ্য দিয়ে আমাদের বিশ্ববাজারে যেতে হবে। বিশ্ববাজারের যাওয়ার প্রস্তুতি অনেকটাই শেষের দিকে। গত এক বছরে কৃষিপণ্য রপ্তানি বেড়েছে। বিশ্ববাজারে দেশের পণ্য রপ্তানিতে এ গবেষণাগার ভূমিকা রাখবে।
বার্তা বাজার/নব