কিশোরগঞ্জের তাড়াইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করার জন্য কেন্দ্র থেকে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
জানা গেছে,আগামী ১১নভেম্বর ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রতিদন্ধিতামূলক নির্বাচনের লক্ষ্যে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ হতে মনোনয়ন প্রত্যাশীদের যাবতীয় কাগজপত্র ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়।
এরই প্রেক্ষিতে গেলো শনিবার দিবাগত গভীর রাতে কেন্দ্রীয় বাছাই কমিটি কর্তৃক উপজেলার সাতটি ইউনিয়নের নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।এর মধ্যে ১নং তালজাঙ্গা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো.সেলিম খান,২নং রাউতি ইউনিয়নে মনোনয়ন পান সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক,৩নং ধলা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক,৪নং জাওয়ার ইউনিয়নে মনোনীত হন বর্তমান চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,৫নং দামিহা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমানে জেলা পরিষদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে মাইনুজ্জামান নবাব,৬নং দিগদাইড় ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান গোলাপ হোসেন ভূঁইয়া এবং ৭নং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে নৌকার টিকিট পেলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিগত দুইবারের রানিং চেয়ারম্যান কামরুজ্জামান মহাজন।
এর আগে উপজেলা আওয়ামী লীগের একটি বাছাই কমিটি প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করার জন্য সম্ভাব্য প্রার্থীর তালিকা চুড়ান্ত করেন।প্রতিটি ইউনিয়ন থেকে ৪জন করে নামের তালিকা নিজস্ব প্যাডে উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঁইয়া মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি স্বাক্ষর করে কেন্দ্রে পাঠান।
উল্লেখ্য,বিগত ২০১৬ সনের শেষ ধাপে ৪জুন নির্বাচনে ৩নং ধলা ইউনিয়নে আফরোজ আলম ঝিনুক এবং ৫নং দামিহা ইউনিয়নে একে মাইনুজ্জামান নবাব নৌকা প্রতিক পেয়েও পরাজিত হন।
বার্তা বাজার/টি