ট্রাকের কেবিন থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুবলী এলাকায় মালবাহী ট্রাকের ভিতর থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম বেলাল হোসাইন (৩৮)। নিহত বেলাল নরসিংদী জেলার খিলপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে শেরপুর-ধুনট সড়কের শুবলী নামক এলাকায় দাঁড়ানো ওই ট্রাকের কেবিন হতে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি বগুড়া সহকারী পুলিশ সুপার হাসান শামীম ইকবাল।

পুলিশ জানায়, গত ৪ দিন আগে সিলেট জেলার হবিগঞ্জ থেকে ট্রাকের হেলপারকে সাথে নিয়ে একটি কোম্পানী থেকে মালামাল নিয়ে নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হেলপার তার মায়ের অসুস্থতার কথা বলে ট্রাক থেকে নেমে যায়। ধারনা করা হচ্ছে কে বা কারা ড্রাইভার বেলালকে হত্যা করে শেরপুরের একটি আঞ্চলিক সড়কের পাশে রেখে যায়।

পরে ৯ অক্টোবর শনিবার বিকেলে শেরপুর-ধুনট সড়কের শুবলী নামক এলাকায় দাঁড়ানো ওই ট্রাকের কেবিন হতে লাশটি উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারের নির্দেশে দ্রুত ক্রাইমসিন ইউনিট সিরাজগঞ্জের ইনচার্জ কেএম ইনাম আহমেদ একটি বিশেষ টিম সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অজ্ঞাত মৃতদেহের পরিচয় উদঘাটন করে।

এ বিষয়ে সিআইডি বগুড়ার সহকারী পুলিশ সুপার হাসান শামীম ইকবাল জানান, ঘটনার বিষয়ে ছায়াতদন্ত অব্যাহত আছে।

রাশেদুল হক/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর