ভেদরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রী রিনা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্বামী সেকান্দার কাজী পলাতক।

রবিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, নড়িয়া উপজেলার লোনসিং গ্রামের হারুন রশিদ সরদারের মেয়ে রিনা বেগমের সঙ্গে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের সেকান্দার কাজীর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় ২০০০ সালে। বিয়ের পর থেকে ভালোই চলছিল তাদের সংসার। এ দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্বামী স্ত্রী দুজনেই কৃষিকাজ করেই সংসার চালাতো। তবে বেশ কিছুদিন যাবত স্বামী সেকান্দার বেকার জীবন যাপন করায় তাদের মধ্যে বিরোধ লেগেই থাকত। গতরাতে কথা-কাটাকাটির জের ধরে স্ত্রী রিনাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে সেকান্দার। হত্যার পর থেকে সে পলাতক।

ভেদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রিনার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আসাদ গাজী/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর