বিএনপিকে নির্বাচনে আসতেই হবে: ওবায়দুল কাদের

দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক-কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১০ অক্টোবর) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসার ব্যাপারে মুখে যতই বলুক না কেন তারা জানে নির্বাচন ছাড়া ক্ষমতা হাতবদলের সুযোগ নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি লুকিয়ে অংশ নিচ্ছে। এটা তাদের বর্ণচোড়া রাজনীতি।

‘গণতন্ত্রকে নিরুদ্দেশ করা হয়েছে’- বিএনপি নেতাদের এমন অভিযোগ নিয়ে তিনি বলেন, বিএনপি নেতাদের এমন মন্তব্য উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো। বিএনপিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে।

বিএনপি গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিই জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে নির্বাচন থেকে দুরে থাকছে- আর বলছে গণতন্ত্র নিরুদ্দেশ। তাদের হঠকারিতা এবং নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের যে অপরাজনীতি তাতে কোনও ফল অতীতে আসেনি, ভবিষ্যতেও আসবে বলে জনগণ মনে করে না।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না। আর যা গোপনে করে তা প্রকাশ্যে বলে না। তাইতো জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর