রূপপুর বিদ্যুৎকেন্দ্রের চুল্লিপাত্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম নিউক্লিয়ার রি-অ্যাক্টর ভেসেল বা পারমাণবিক চুল্লি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১০ অক্টোবর) সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরমাণু অস্ত্র দিয়ে নয়, বিদ্যুৎ তৈরি করে শান্তি স্থাপন করতে আগ্রহী বাংলাদেশ।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘হৃৎপিণ্ড’ হিসেবে পরিচিত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লিপাত্র। এটি বিদ্যুৎকেন্দ্রের মূল যন্ত্র, এর মাধ্যমেই শক্তি উৎপাদন হবে, যা কাজে লাগিয়ে তৈরি করা হবে বিদ্যুৎ।
এর আগে রূপপুরের কর্মকর্তারা জানান, রূপপুরে ইউনিট–১–এর ভৌত কাঠামোর ভেতরে চুল্লিপাত্র স্থাপনের মধ্যদিয়ে এ ইউনিটের কাজ প্রায় শেষ বলা যায়। এ যন্ত্রের মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ইউরেনিয়াম লোড করা হয়। বাংলাদেশের টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলের পাশাপাশি রাশিয়ার জাতীয় টেলিভিশন আজ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। সারা বিশ্ব এটি দেখবে।
এ বিষয়ে প্রকল্পের বিভাগীয় প্রধান (প্রশাসন ও অর্থ) অলক চক্রবর্তী বলেন, চাইলেই চুল্লি স্থাপন করা যায় না। এরজন্য আইইএ, রাশিয়া ও বাংলাদেশের নিমন্ত্রণকারী সংস্থা এক মাস ধরে সবকিছু যাচাই করেছে। নিরাপদভাবে প্রাথমিক কাজ শেষে সফলভাবে চুল্লি স্থাপিত করা হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রধানতম মাইলফলক অর্জন করল রূপপুর। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পথে বড় অগ্রগতি এটি।
এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা বলেন, এর মাধ্যমে দেশে পারমাণবিক শক্তি উৎপাদনের স্বপ্ন বাস্তবায়িত হলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে রাশিয়ার সেরা কর্ম কৌশল চর্চা, বহু বছরের অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক চিন্তাকে কাজে লাগানো হয়েছে।
বার্তা বাজার/অমি