বিএনপি জনবিচ্ছিন্ন বলেই নির্বাচন বর্জনের কথা বলে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জনবিচ্ছিন্ন দলই নির্বাচন বর্জনের কথা বলে। যাদের রাজনীতি জননির্ভর তারা কখনো নির্বাচন বর্জন করে না।

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের চেক ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বিএনপি যে ২০ দলীয় জোটের কথা বলছে, সেই জোট থেকে অনেকগুলো দল পালিয়ে গেছে। ২০ দলীয় জোট এখন কত দলীয় জোট আসলে তা পরীক্ষা-নিরীক্ষার বিষয়। এখন বিএনপি নেতারা বলছেন, সব দলকে সঙ্গে নিয়ে তারা আন্দোলন করবেন। কিন্তু তাদের মধ্যে তো ঐক্যতাই ভেঙে গেছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ২০১৮ সালের নির্বাচন বর্জনের কথা বলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেয়। যেসব দলের কোনো জনভিত্তি নেই তারাই নির্বাচন বর্জনের কথা বলে।

জনমুখী রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে চাইলে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিকল্প কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য উদাহারণ স্থাপন করতে সক্ষম হয়েছে। এটি অনেক দেশের জন্য উদাহরণ।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী হিল্লোল বিশ্বাস, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরীসহ প্রমুখ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর