ডিসেম্বরে শুরু হচ্ছে সাত কলেজের অনার্স ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সেশনজট এড়াতে অনার্স ২০১৬-১৭ সেশনের চতুর্থ বর্ষ ও মাস্টার্স শেষ পর্ব ২০১৮-১৯ সেশনের চূড়ান্ত পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । এরইমধ্যে কলেজ গুলোকে এই সেশন গুলোর ইনকোর্স ও টেস্ট পরীক্ষা নভেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

সেলিম উল্লাহ খোন্দকার বলেন, এখন আর এক বর্ষের সাথে অন্য বর্ষের মিলানোর কোন সুযোগ নেই। এক বর্ষের পরীক্ষার পর ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অন্য বর্ষের পরীক্ষা আটকে রাখার সুযোগ নেই । এজন্য আমরা ডিসেম্বরে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নিয়ে নিব।

ডিসেম্বরে কলেজ গুলোতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষা নিতে কোন সমস্যা হবে কিনা জানতে চাইলে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, সকালবেলা এইচএসসি পরীক্ষা হলে বিকেলবেলা অনার্স, মাস্টার্সের পরীক্ষা নেওয়া যাবে। এইচএসসির জন্য পরীক্ষা নিতে কোন সমস্যা হবে না বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনার ক্ষতি পুষিয়ে নিতে ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা সেশনগুলোর সেশনজট কমাতে আটমাসে সেশন শেষ করার পরিকল্পনা থেকেই এমন উদ্যোগ নিয়েছে সাত কলেজ প্রশাসন। এরইমধ্যে কলেজগুলোতে এই বর্ষ গুলোর ইনকোর্স ও টেস্ট পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে।

ওমর ফারুক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর