রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২২৪ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৬৫ জনই ঢাকার। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৯ জন।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৯০ জন ও অন্যান্য বিভাগে রোগীর সংখ্যা ১৮৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ১৯ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন। ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন।
বার্তা বাজার/নব