তুরাগে ট্রলারডুবি ৪ শিশুসহ ৫ মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের তুরাগ নদে নৌকা ডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই নিয়ে মোট ৩ শিশু ও ২ নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ২ জন।

এছাড়া সাভারের বলিয়ারপুরের যাদুরচর এলাকার নয়ন পাম্পের পাশ থেকে আরও এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ।

শনিবার (৯ অক্টোবর) বিকাল ৫ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিন মনি শর্মা। তবে উদ্ধার হওয়া শিশু ও ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায় নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সাভার মডেল থানা পুলিশ ।

এর আগে শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সাভারে আমিনবাজার তুরাগ নদের গাবতলী ও দ্বীপনগর পাড়ের মাঝনদীতে এঘটনা ঘটে।

জানা যায়, বড়দেশী এলাকার নারী চমক জানের দুই মেয়ে সোয়ালা (২০) ও রুপায়ন (২৪), তাদের সন্তান জেসমিন (২), আরমান (৫) ও ইমরান (৪) এবং হোসাইনের দুই শিশু সন্তান মনি (৫) ও আলমিনা (৮) কে নিয়ে কয়লা আনলোডের কাজে যোগদানের জন্য নৌকা যোগে দ্বীপনগর পাড়ের দিকে যাচ্ছিলো। নৌকাটি মোট ১৮ যাত্রী নিয়ে ভোরে রওনা করলে মাঝনদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়।

এসময় ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নারী ও শিশুসহ নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে ৩ জনকে উদ্ধার করে। ঘটনার প্রায় ১৩ ঘন্টা পরে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া যাদুরচর এলাকা থেকে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিন মনি শর্মা বলেন, নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুজন শিকদার জানান, আমরা তুরাগ নদের যাদুরচর এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছি। তার প্রাথমিক সুরতহাল চলছে। বয়স আনুমানিক ৫০ বছর হবে। সুরতহাল শেষে বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, নিখোঁজরা সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। তারা প্রতিবছরের এই সময় কয়লার কাজ করার জন্য সিলেট থেকে এই এলাকায় আসতেন। সকলেই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া থেকে এই কয়লার কাজ করতেন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর