ভারত থেকে এলো কোভিশিল্ডের আরও ১০ লাখ টিকা 

রপ্তানির অনুমনি পাওয়ার পর বাংলাদেশের ওষুধ কোম্পানি বেক্সিমকোর মাধ্যমে কেনা ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত ১০ লাখ কোভিশিল্ড টিকা দে‌শে পৌঁছেছে।

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে টিকাবহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্ধরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা।

টিকা আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। তিনি বলেন, সন্ধ্যা ৫টা ৫৪ মি‌নি‌টে ভারতের সেরাম ইন‌স্টি‌টিউট থে‌কে ১০ লাখ কো‌ভি‌শি‌ল্ডের টিকা এসে পৌঁছেছে।

বাংলাদেশ সরকার গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুসারে, বাংলাদেশকে প্রত্যেক মাসে ৫০ লাখ ডোজ করে টিকা দেওয়ার কথা ছিল সেরাম ইনস্টিটিউটের। কিন্তু দুই কিস্তিতে বাংলাদেশকে ৭০ লাখ টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা আসে দেশে। এরপর ২৩ ফেব্রুয়ারি আসে টিকার দ্বিতীয় চালান। এছাড়া বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার পাঠায় ভারত।

বাংলাদেশকে চলতি বছরের ২১ জানুয়ারি প্রথম দফায় ২০ লাখ ডোজ, ২৬ মার্চ দ্বিতীয় দফায় ১২ লাখ ডোজ ও ৮ এপ্রিল তৃতীয় দফায় ১ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয় ভারত।

উপহার ও কেনা টিকা মিলিয়ে এখন পর্যন্ত ভারত থেকে মোট ১ কোটি ৩ লাখ ডোজ টিকা এসেছে দেশে। আজ আরও ১০ লাখ ডোজ টিকা আসলো।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর