বিশ্বকাপে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

আগামী ১৭ অক্টোবর থেকে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে। বিশ্বকাপের প্রথম পর্ব উতরে মূল পর্বে জায়গা করে নিতে হবে টাইগারদের। তবে বিশ্বকাপে নামার আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল।

ইনজুরিতে ভুগছেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পিঠের ইনজুরির কারণে ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস।

এখন পর্যন্ত ইনজুরি থেকে সুস্থ না হওয়ায় বিশ্রামে রয়েছেন রিয়াদ। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিশ্বকাপের প্রথম পর্বে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ দুটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

এরপর ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। প্রথম পর্ব উতরে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিতে হবে টাইগারদের।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর