বার্তা বাজারে সংবাদ প্রকাশ: প্রতিবন্ধী দু’ভাইয়ের পাশে শিক্ষাবিদ কামরুন নাহার

জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় প্রায় ৩৪ বছর ধরে এক বিছানায় দিন কাটছে বড় ভাই খোরশেদ আলমের। অপরদিকে তার ছোট ভাই মোরশেদ আলম মানসিক প্রতিবন্ধী হওয়ায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তাকে ৮ বছর ধরে শিকল বন্দী করে বেঁধে রাখা হয়েছে।

এসংবাদ শুক্রবার (৮ অক্টোবর) জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বার্তা বাজারে’ সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ইউছুফ হারুন ভূঁইয়ার স্ত্রী লেখক ও শিক্ষাবিদ কামরুন নাহার পলিন।

শনিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ৮ বছর শিকলে বন্দী থাকা মানসিক প্রতিবন্ধী মোরশেদ ও জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী খোরশেদ এর বাড়িতে গিয়ে কামরুন নাহার পলিন এর সার্বিক সহযোগিতায় একটি হুইল চেয়ার এবং মানসিক প্রতিবন্ধী মোরশেদ আলমের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা তুলে দেন প্রতিনিধি দল। তবে, চিকিৎসার জন্য আরও সাহায্য দেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, মো. সোহেল রানা (বাংলাদেশ জার্নাল), নিজাম উদ্দিন,ওসমান গণি (বার্তা বাজার) মো. ফয়সাল ও মহি উদ্দিন রবিন প্রমুখ।

অসহায় প্রতিবন্ধীদের পিতা মোঃ আজাদ হোসেন ও মা খুরশিদা বেগম জানান, স্বাভাবিক সন্তান মানুষ করতে খুব কষ্ট করতে হয়। কিন্তু জন্ম থেকে প্রতিবন্ধী ও অন্যজন মানসিক প্রতিবন্ধী সন্তানকে নিয়ে যে মানসিক ও শারীরিক যন্ত্রণায় ভুগেছি।

তা ভাষায় প্রকাশ করা যায় না। আমার ছেলের কোনো হুইল চেয়ার ছিল না। সাংবাদিকদের মাধ্যমে হামদর্দ এমডি স্যারের স্ত্রী পলিন আপা আমাদের পাশে দাঁড়ানোর কারণে খুব ভালো লাগছে।

কামরুন নাহার পলিন বার্তা বাজারকে বলেন, পত্রিকার মাধ্যমে সংবাদটি জানতে পেরে সঙ্গে সঙ্গেই আমার লোকজনকে দিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। অল্প সময়ের মাঝেই তাদের জন্য সামান্য কিছু ব্যবস্থা করেছি। ভবিষ্যতে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা হবে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চর লামচী গ্রামের দরিদ্র রিক্সা চালক আজাদ হোসেন দুই সন্তান খোরশেদ আলম ও মোরশেদ আলম। এর মধ্যে মাত্র ১৬ বছর বয়সে পাল্টে যায় মোরশেদ আলমের জীবন। সব সময় অস্থির আচরণ শুরু হয় তার। পরিবারের পক্ষ থেকে কবিরাজি চিকিৎসা দেওয়া হলেও কোনো লাভ হয় না। বরং তার পাগলামি বাড়তে থাকে।

এমন পরিস্থিতিতে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তাকে ৮ বছর ধরে শিকল বন্দী করে বেঁধে রাখা হয়। বড় ভাই খোরশেদ আলম জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। গত ৩৪ বছর ধরে এক বিছানায় দিন কাটছে তার। এ দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন এ পরিবারটি।

ওসমান গণি/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর