কোনো জাদুর ছোঁয়ায় করোনায় মৃত্যু কমেনি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনায় মৃত্যু কোনো জাদুর ছোঁয়ায় কমেনি, এর পেছনে অনেক শ্রম লেগেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। কোনো জাদুর ছোঁয়ায় তা কমেনি। এর পেছনে অনেক শ্রম লেগেছে। সরকার বিনামূল্যে চিকিৎসা দিয়েছে। কিন্তু মৃত্যু বাড়তে বেশি সময় লাগে না। অনেক দেশে সংক্রমণ ও মৃত্যু আবারও বাড়ছে। এ কারণে দৈনন্দিন কাজ এবং আচার-অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। এজন্য সারাবিশ্ব এখন বাংলাদেশের প্রশংসা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অনেক রাষ্ট্র টিকাসহ বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসছে।

স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে করোনা পরীক্ষার জন্য আগে একটি ল্যাব ছিল। এখন সেখানে ৮০০টি ল্যাব হয়েছে। করোনা চিকিৎসায় দেশের হাসপাতালগুলোতে ১৮ হাজার বেড রয়েছে। যথাযথ চিকিৎসা দেওয়ায় দেশে করোনায় মৃত্যু হার কম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আমেরিকায় ৭ লাখ মানুষ মারা গেছেন। আর ভারতে মারা গেছেন ৫ লাখ। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে ২৭ হাজার মানুষ মারা গেছেন। আমরা একটি মৃত্যুও চাই না।

তিনি আরও বলেন, প্রতিটি ধর্মই শান্তি ও মানবসেবার কথা বলে। করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপন করতে হবে। প্রতিটি পূজামণ্ডপের আয়োজকদের স্বাস্থ্যবিধি প্রতিপালনের ব্যবস্থা করতে হবে। ধর্মীয় আচার-আচরণ পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনির্বান কুমার পাল প্রমুখ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর