শহীদ মিনারে জুতা পায়ে আ. লীগের চেয়ারম্যান প্রার্থীর সভা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে একটি স্কুলের শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানিয়ে জুতা পায়ে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে চর ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অত্র ইউনিয়নে সমালোচনার ঝড় বইছে।
জানা গেছে, শহীদ মিনারকে মঞ্চ বানিয়ে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা হায়দার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষনা দিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। আর অতিরিক্ত খরচ না বাড়িয়ে ওই বিদ্যালয়ের শহীদ মিনারকে মঞ্চ মত মতবিনিময় সভার আয়োজন করেন। যেখানে তার সম্মুখেই জুতা পায়ে ওঠে আসন দখল করেন অতিথিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্রে করে তিনি শহীদ মিনারে এ আয়োজন করেছিলেন। সেখানে অতিথিদের জন্য চেয়ার টেবিল ও রাখা হয়েছিলো। নির্ধারিত সময়ে মঞ্চে ইউনিয়ন আওয়ামী লীগের তেমন কাউকে অতিথি হিসেবে দেখা না গেলেও অত্র ইউনিয়ন বিএনপির ৩ ওয়ার্ডের সাবেক দপ্তর সম্পাদক আব্দুস ছালাম উপস্থিত ছিলেন।
এদিকে, সভা শেষে ওই চেয়ারম্যান প্রার্থীর শুভাকাঙ্ক্ষীরা মতবিনিময় সভার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়লে শুরু হয় তীব্র সমালোচনা।
এ ব্যাপারে দূর্গানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুব্রত চাকী (বাপ্পী) জানান, মাসুদ রানা হায়দার এক সময় বিএনপির সমর্থক ছিলেন । ১৯৯১ সালে দূর্গানগর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সাথে মিছিল মিটিং করেছেন। সময়ের সাথে তাল মিলিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদটি বাগিয়ে নিয়েছেন। যে কিনা এখন দূর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনও এমন কান্ড ঘটাতে পারেনা।
এ প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা হায়দার বলেন শহীদ মিনারে আমি তো জুতা পায়ে উঠি নাই। অন্য কেউ যদি ওঠে থাকে সেটা আমার জানা নেই।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এমন ঘটনা অত্যান্ত দুঃখজনক। খোজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এম এ মালেক/বার্তা বাজার/টি