আ.লীগ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে রাজনীতি করে: মুরাদ হাসান
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বিএনপি সব সময় ধ্বংসের রাজনীতি করে আর আ.লীগ সব সময় দেশের উন্নয়নের ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের রাজনীতি করে। হরতাল-অবরোধ, আন্দোলনের নামে অনেক কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলো।
অপর দিকে শেখ হাসিনার সরকার বিএনপি’র আমলে বন্ধ কল-কারখানা চালু করার পাশাপাশি নতুন শিল্প-কারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে।
দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই শেখ হাসিনার জীবনের ব্রত। মানুষের সুখের জন্য তিনি নিজের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। মানুষের কল্যাণে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যিনি প্রতিমুহূর্ত, প্রতিক্ষণ নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন তিনি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশীতে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী, শিশুখাদ্য এবং গবাদিপশুর জন্য গোখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাস্টার, তারাকান্দি ট্রাক ও ট্রাঙ্কলড়ি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাঙ্গা, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির পথে চলেছে। বিশ্বসভায় বাংলাদেশ এক ভিন্নতর মর্যাদার আসন লাভ করেছে। ক্ষুধা-মঙ্গা জর্জরিত বাংলাদেশ আজ মাথা উঁচু করে বিশ্বে পরিচিত। শেখ হাসিনা জাতির বিভিন্ন সংকটকালে সাহসী, দূরদর্শী ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা দেখিয়েছেন। তিনি এ দেশের মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছেন।
তাঁর নিখাদ দেশপ্রেম তাঁকে মানুষের কাছে গভীরতর ভালোবাসার ঋণে আবদ্ধ করেছে। বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তাকেই পূর্ণতা দিতে চলেছেন শেখ হাসিনা। আজ এ কথা বলা যায় যে, শেখ হাসিনাই বাংলাদেশের স্বপ্নপূরণের যোগ্য কাণ্ডারি। তাঁর মধ্যেই মূর্ত হয়ে উঠছে বঙ্গবন্ধুর বাংলাদেশ।
মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/টি