ঢাকার সাভারে তুরাগ নদে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় ১ নারীসহ ২ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও শিশুসহ ৪ জন নিখোঁজ রয়েছেন। সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সাভারের আমিনবাজার তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকা কেবলার চর থেকে গাবতলীর দ্বীপনগর যাওয়ার সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুইটি বালুভর্তি কার্গো যাত্রীবাহী ইঞ্জিনচালিত ট্রলারের ওপর উঠে যায়। এসময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন।
জানা যায় নিখোঁজরা মূলত সিলেটের বাসিন্দা। কয়লার কাজ চলাকালীন সময়ে তারা সিলেট থেকে এই এলাকায় এসে কাজ করত। সকলেই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া থাকত।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সাভার থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
এব্যাপারে ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নিখোঁজ ২শিশু ও ১ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় এখনো মেলেনি। বাকিদের উদ্ধার করতে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি