বেক্সিমকোর মাধ্যমে কেনা ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ১০ লাখ কোভিশিল্ড টিকা আজ দেশে আসছে।
শনিবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে টিকাগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সরকার গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুসারে, বাংলাদেশকে প্রত্যেক মাসে ৫০ লাখ ডোজ করে টিকা দেওয়ার কথা ছিল সিরাম ইনস্টিটিউটের। কিন্তু দুই কিস্তিতে বাংলাদেশকে ৭০ লাখ টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা আসে দেশে। এরপর ২৩ ফেব্রুয়ারি আসে টিকার দ্বিতীয় চালান। এছাড়া বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার পাঠায় ভারত।
বাংলাদেশকে চলতি বছরের ২১ জানুয়ারি প্রথম দফায় ২০ লাখ ডোজ, ২৬ মার্চ দ্বিতীয় দফায় ১২ লাখ ডোজ ও ৮ এপ্রিল তৃতীয় দফায় ১ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয় ভারত।
উপহার ও কেনা টিকা মিলিয়ে এখন পর্যন্ত ভারত থেকে মোট ১ কোটি ৩ লাখ ডোজ টিকা এসেছে দেশে। আজ আরও ১০ লাখ ডোজ টিকা আসবে।
বার্তা বাজার/নব