বিএনপি স্বতন্ত্র পরিচয়ে ঘোমটা পরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি স্বতন্ত্র পরিচয়ে ঘোমটা পরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিচ্ছে। ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎ সাহস প্রদর্শন করুন।
শনিবার (৯ অক্টোবর) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন-অর্জনে খুশি। এ কারণেই বিএনপির আন্দোলনে সাড়া দিবে না জনগণ। বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফা আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নিবে। পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপির শাসনামলে দলীয় একজন লোকের কোনো অপকর্মের জন্য বিচার হয়েছে? এমন কোনো নজির দেখাতে পারবেন কি? উল্টো শেখ হাসিনা সরকারই বিশ্বজিত ও বরগুনার রিফাত হত্যার বিচার করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে। সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি। আবরার হত্যার সাথে জড়িত প্রায় সবাই ছাত্রলীগ পরিচয়ের। তাদের কাউকে ছাড় দেওয়া হয়নি। অপরাধী যে দলেরই হোক না কেন তাকে বিচারের আওতায় আনা হবে। শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে।
বার্তা বাজার/নব