দেশের ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

দেশের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস না পেরোলেও গরম অনুভব হচ্ছে অনেক বেশি। গরমে সারাদেশের মানুষই কষ্ট পাচ্ছেন। এমন সময় কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট- এই ৬ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা সিলেট বিভাগে কোনো বৃষ্টি হয়নি। ময়মনসিংহ ছাড়া অন্যান্য বিভাগেও বৃষ্টি হয়েছে খুবই সামান্য।

তবে এই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ময়মনসিংহে, ৭৬ মিলিমিটার।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

তিনি জানান, শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর