ভুল করুক আর শুদ্ধ করুক, নেতার সিদ্ধান্তই মানতে হবে
জাতীয় পার্টির মহাসচিব নিয়োগের ক্ষেত্রে কারও চাপে পরে না দিতে দলের চেয়ারম্যান জি এম কাদেরের প্রতি আহ্বান জানিয়েছেন দলটি নেতারা।
আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে আয়োজিত সভায় এ আহ্বান জানানো হয়।
রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানের শুরুতেই চেয়ারম্যানের উদ্দেশে বলেন, এমন কাউকে মহাসচিব নিয়োগ করেন, যিনি‘জিয়াউদ্দিন বাবলুর মতো ত্যাগী, দলের প্রতি নিবেদিত এবং দলের জন্য যাঁর আত্মত্যাগ আছে। তবে যারা আগে দলের সঙ্গে বেইমানি করেছে তারা যেন কোনোভাবেই মহাসচিব না হয়। মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। কারও ভয়ভীতি, রিভলবার-বুলেটের ভয়ে দল চালানো যাবে না।’
জাপার ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বলেন, এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে, যিনি জাতীয় পার্টিকে মূল লক্ষ্যে পৌঁছে দেবেন। মহাসচিব নির্বাচন করতে গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের নিজস্ব ক্ষমতা রয়েছে, তারপরও তিনি এ বিষয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশা ব্যক্ত করেন।
খুলনা সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান বলেন, ভুল করুক আর শুদ্ধ করুক, নেতার সিদ্ধান্তই মানতে হবে। এটাই নিয়ম।
স্মরণসভায় জি এম কাদের জিয়াউদ্দিন বাবলুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা বিষয় তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউদ্দিন বাবলু সাধারণ জনগণের মানুষ ছিলেন। জাতীয় পার্টি সক্রিয় দল হতে চায়, যেটা তাঁর স্বপ্ন ছিল।
স্মরণসভায় উপস্থিত দলের শীর্ষস্থানীয় অনেক নেতা জিয়াউদ্দিন বাবলুর রাজনৈতিক কর্মময় জীবনের স্মৃতিচারণা করেন।
বার্তাবাজার/কা.হা