রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৫০ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৩৭ জনই ঢাকার। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৩ জন।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭২৯ জন ও অন্যান্য বিভাগে রোগীর সংখ্যা ১৫৭ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে ১৯ হাজার ৬৯৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ৭৩৫ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন।
বার্তা বাজার/নব