গ্রাহকের প্রতারণার মামলায় গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অফ সেলস (কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন অফিসার) বা প্রধান বিপণন কর্মকর্তা হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৮ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে নিরবকে আদালতে হাজির করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। পরে শুনানি শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পণ্য সরবরাহ না করে ৫৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা আত্মসাতের অভিযোগে গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া, তার স্ত্রী সৈয়দা তাসমিনা তারিন, আরজে নিরবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিরুদ্ধে মামলা করেন আব্দুল্লাহ খান শৈশব নামে এক গ্রাহক।
এ মামলায় শুক্রবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে আরজে নিরবকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে পল্টন থানায় গ্রাহকের দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার করা হয় কিউকমের সিইও রিপন মিয়াকে। তাকে গ্রেফতারের পর রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কিউকমের বিরুদ্ধে গ্রাহকদের পণ্য সঠিক সময়ে ডেলিভারি না দেওয়াসহ ২৫০ কোটি টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে।
বার্তা বাজার/নব