সাতক্ষীরার প্রতাপনগরের সেই মসজিদটি নদীগর্ভে বিলীন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের হাওলাদার বাড়ির বায়তুন নাজাত জামে মসজিদটি ভাটার টানে ভেঙে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ঘূর্ণিঝড় আম্পানের কারণে ওই এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এখনও জোয়ার ভাটা চলছে। আজ শুক্রবার (৮ অক্টোবর) ভোরে খোলপেটুয়া নদীর ভাটার টানে মসজিদটি ভেঙে পড়ে।

কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মসজিদের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মঈনুর রহমান সাঁতরে ওই মসজিদটিতে গিয়ে আজান ও নামাজ আদায় করতেন। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই তা মানুষের হৃদয়কে আকৃষ্ট করে।

মসজিদের ইমাম মঈনুর রহমান বলেন, ভাটার টানে ফজরের নামাজের পর মসজিদটি ভেঙে পড়েছে। মসজিদের অবকাঠামো বিলীন হয়ে গেছে। এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে গত মঙ্গলবার (৫ অক্টোবর) ওই এলাকার মুসল্লিদের নামাজ আদায়ের জন্য নৌকার ওপর বিশেষভাবে নির্মিত একটি ভাসমান মসজিদ উপহার দেয় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর