ই-কর্মাস প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়া গ্রাহকদের দায় সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে রংপুর নগরীতে বাণিজ্যিক প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে ২০ হাজারের মতো ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত রয়েছে। এসব ই-কমার্স প্রতিষ্ঠান থেকে কম দামে পণ্য কিনতে গিয়ে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কম দামে পণ্য কেনার সময় তো সরকারকে জানায়নি। তাহলে তাদের (গ্রাহকদের) ক্ষতির দায় কেন সরকার নেবে?
তিনি বলেন, সরকার চায় ই-কমার্স প্রতিষ্ঠান ভালো করুক। এখন পর্যন্ত ১০-১২টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।
এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি প্রমুখ।
বার্তা বাজার/নব